ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে এবং আগামী ৯ জুলাই পর্যন্ত তা চলবে। অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বিস্তারিত আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম চূড়ান্ত করা হয়। পরে সংসদ সচিবালয় এ সংক্রান্ত তথ্য জানায়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকাল ৩টায় অধিবেশন শুরু হয়।
আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। বাজেট উপস্থাপনের পর বিভিন্ন মন্ত্রণালয় ও খাতভিত্তিক বরাদ্দ নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করবেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। প্রয়োজন হলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত কয়েকটি দিনে দুই দফায় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। অধিবেশনের সময় ও কার্যদিবসে প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি এবং বিভিন্ন মন্ত্রীর জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের ৯৮টি নোটিশ ও সিদ্ধান্ত প্রস্তাবের ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।