Ridge Bangla

৮ হাজার টাকা আয়ের অর্ধেক দিয়েই তৌসিফকে পড়িয়েছিলেন বাবা

বিশ্ব বাবা দিবসে বাবাকে ঘিরে আবেগঘন স্মৃতি শেয়ার করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বাবার সঙ্গে একটি ছবি প্রকাশ করে তার ত্যাগ ও স্বপ্নের কথা তুলে ধরেছেন তিনি।

রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন তৌসিফ। সেখানে বাবার সংগ্রামের কথা জানিয়ে তিনি লেখেন, ‘১৯৯৩ সালে যখন আব্বুর ব্যবসা থেকে মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন।’

বাবার এই সিদ্ধান্তের পেছনে তার ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন ছিল বলে জানান অভিনেতা।

তৌসিফ লেখেন, ‘বাবার একটাই স্বপ্ন ছিল, তার ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা। আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তার অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়; এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’

বাবাকে নিজের জীবনের প্রথম শিক্ষক ও অনুপ্রেরণা হিসেবেও উল্লেখ করেন তৌসিফ।

তিনি আরও লেখেন, ‘তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস, আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা হয়। দিনটিতে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং ব্যক্তিগত স্মৃতি ভাগ করে নেন।

This post was viewed: 3

আরো পড়ুন