Ridge Bangla

৮৫৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের জামিন নাকচ

৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন নজরুল ইসলাম মজুমদারের পক্ষে আইনজীবী কামরুল ইসলামসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন উপস্থাপন করেন। এর বিরোধিতা করে বক্তব্য দেন দুদকের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

এর আগে, গত বছরের ১৮ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে ২১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার তার পদ ও ক্ষমতার অপব্যবহার করে ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে অবৈধভাবে ঋণ অনুমোদন করেন। ওই ঋণের মাধ্যমে ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ এবং বোর্ড মেমোর মাধ্যমে ঋণ অনুমোদন করেন। পরে নিয়ম-নীতি উপেক্ষা করে, যথাযথ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় জামানত ছাড়াই ঋণের অর্থ ছাড় করে আত্মসাতে সক্রিয় ভূমিকা রাখেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

This post was viewed: 2

আরো পড়ুন