ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে দিনটিকে ‘ক-শ্রেণি’ভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে এ দিন সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাত ৮টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বরকে পূর্বের মতোই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হবে। একই সঙ্গে দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।”
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, গত কয়েক বছর এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং জাতীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।