জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে মোড় পরিবর্তনকারী দিন হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব শুধু একটি রাজনৈতিক ঘটনার পরিবর্তন নয়, এটি ছিল আধিপত্যবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা। এই বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং গণতন্ত্র পুনরুজ্জীবনের পথ উন্মোচিত হয়।
তিনি আরও বলেন, স্বাধীনতাত্তোর সময়ে ক্ষমতাসীন গোষ্ঠী স্বার্থান্বেষী রাজনীতির কারণে দেশকে একদলীয় শাসন বাকশালের হাতে তুলে দিয়েছিল। বাকশালী শাসন মানুষের ন্যায্য অধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করে। সে সময় স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল, কিন্তু ৭ নভেম্বর সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে তিনি মুক্ত হন।
তারেক রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। কিন্তু আধিপত্যবাদী শক্তির ইন্ধনে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। তবে ছাত্র-জনতার আত্মদানে ফ্যাসিস্ট শাসকরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।