Ridge Bangla

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশ অনুযায়ী, আগামী রোববার বিকেল ৫টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত বা সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। হাসপাতালের প্রধান ফটকেও নোটিশটি টানিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৭ মে হাসপাতালটিতে আকস্মিকভাবে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হলে মহাপরিচালকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স, আয়া, রোগীর স্বজন এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসপাতাল পরিচালনায় ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিভিন্ন বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। গুরুতর অবহেলা ও নিয়ম লঙ্ঘনের কারণেই নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে কমিটি মত দিয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন