Ridge Bangla

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনার প্রথম অধিবেশন শেষ হয়েছে। প্রায় ১২ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। খবর আল জাজিরার।

পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে সব পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। সমঝোতা স্মারকের ভিত্তিতে পরবর্তী ধাপে এগিয়ে যেতে ইরান ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চলতি সপ্তাহজুড়ে সুইজারল্যান্ডে টেকনিক্যাল পর্যায়ের আলোচনা চলবে।

মধ্যস্থতা প্রক্রিয়ার রাজনৈতিক তদারকি নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা, পর্যবেক্ষণ কার্যক্রম এবং বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো নিয়ে কাজ করতে একাধিক উপদল তৈরি করা হয়েছে।

এ ছাড়া আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি রোডম্যাপ নির্ধারণেও সম্মত হয়েছে কমিটি।

বৈঠকে সব পক্ষের মধ্যে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি খোলা রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ গঠনের বিষয়েও একমত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে লেবাননের ভূখণ্ডে সব ধরনের সামরিক অভিযান বন্ধের ব্যাপারেও দুই পক্ষ সম্মতি জানিয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন