আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদসংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারের আবেদন করা জাহাজগুলো বিনা খরচে চলাচলের সুযোগ পাবে। এ জন্য পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে আবেদন দ্রুত যাচাই ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি নৌ চলাচল স্বাভাবিক করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বর্তমান বিশেষ পরিস্থিতি ও জলপথে থাকা কিছু নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলতে হবে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা এবং পরিচালনাসংক্রান্ত তথ্য শিগগিরই প্রকাশ করবে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ।
এ ছাড়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ম অনুচ্ছেদের আওতায় মাইন অপসারণসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।