Ridge Bangla

৫ মাসে দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখের বেশি, মোবাইল ব্যবহারকারীরাই এগিয়ে

দেশে গত পাঁচ মাসে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৫০ লাখ ৮০ হাজার বেড়েছে। ফুটবল বিশ্বকাপ চলাকালে ডেটা ব্যবহারের পরিমাণ বৃদ্ধি এবং আরও কয়েকটি কারণকে এ প্রবৃদ্ধির পেছনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে ইন্টারনেট গ্রাহক ছিল ১২ কোটি ৮৯ লাখ। মে মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৪১ লাখে। একই সময়ে সক্রিয় মোবাইল গ্রাহকের সংখ্যা ১৮ কোটি ৫৮ লাখ থেকে বেড়ে ১৮ কোটি ৮৬ লাখে পৌঁছেছে। অর্থাৎ পাঁচ মাসে নতুন সক্রিয় মোবাইল গ্রাহক যুক্ত হয়েছেন ২৮ লাখ।

রবির কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শাহেদ আলম বলেন, চলমান ফিফা বিশ্বকাপসহ কয়েকটি কারণে ডেটা ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব ইন্টারনেট ট্রাফিকেও পড়েছে। তিনি জানান, বিশ্বকাপে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইন্টারনেট ট্রাফিক রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৮৯ শতাংশই মোবাইল ইন্টারনেট গ্রাহক। মে মাসে নিবন্ধিত ১৩ কোটি ৪১ লাখ ইন্টারনেট গ্রাহকের মধ্যে ১১ কোটি ৯১ লাখ মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেছেন। বাকি ১ কোটি ৪৯ লাখ গ্রাহক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) এবং পিএসটিএন অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড সেবা ব্যবহার করেছেন।

জানুয়ারি থেকে মে পর্যন্ত নতুন ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির প্রায় পুরোটা এসেছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের মাধ্যমে। এ সময়ে মোবাইল ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ৪২ লাখ থেকে বেড়ে ১১ কোটি ৯১ লাখে পৌঁছেছে। ফলে এই খাতে প্রায় ৪৯ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন।

অন্যদিকে, ফিক্সড ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ছিল। এপ্রিলে তা বেড়ে ১ কোটি ৪৯ লাখে ওঠে এবং মে মাসেও একই অবস্থায় স্থির থাকে।

পরিসংখ্যানে আরও দেখা গেছে, ফেব্রুয়ারিতে সাময়িকভাবে ইন্টারনেট গ্রাহক কমে ১২ কোটি ৮২ লাখে নেমে আসে। একই সময়ে মোবাইল ইন্টারনেট গ্রাহকও কমে দাঁড়ায় ১১ কোটি ৩৫ লাখে। তবে মার্চ থেকে আবার প্রবৃদ্ধি শুরু হয়। মার্চে মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়ে ১১ কোটি ৪৮ লাখ, এপ্রিলে ১১ কোটি ৬৪ লাখ এবং মে মাসে ১১ কোটি ৯১ লাখে পৌঁছে।

বিটিআরসির সংজ্ঞা অনুযায়ী, গত ৯০ দিনের মধ্যে অন্তত একটি ভয়েস কল, এসএমএস অথবা ইন্টারনেট সেশন ব্যবহার করা হয়েছে— এমন সিমকেই সক্রিয় গ্রাহক হিসেবে গণ্য করা হয়।

This post was viewed: 7

আরো পড়ুন