ঝালকাঠির নলছিটিতে ৫ বছরের কন্যাশিশুকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন লাকী আক্তার নামে এক নারী। শুক্রবার (১০ জুলাই) রাতে নলছিটি ফেরিঘাটের পল্টুন থেকে তিনি নদীতে ঝাঁপ দেন।
লাকী আক্তার নলছিটি উপজেলার হাঁড়িখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস আগে স্বামী সাইদুল ইসলামের সঙ্গে লাকীর বিচ্ছেদ হয়। এরপর থেকে ৫ বছরের মেয়েটি তার কাছেই থাকছিল।
তবে শিশুটিকে নিজের কাছে রাখা নিয়ে প্রাক্তন স্বামী লাকীর ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে নিজের বাবা ও প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে তার বিরোধ বাড়তে থাকে।
স্থানীয়দের দাবি, পারিবারিক এই দ্বন্দ্বের জেরে মেয়েকে সঙ্গে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন লাকী।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের নজরে এলে তারা মা ও মেয়েকে নদী থেকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জান বলেন, “ওই নারী ও তার মেয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাড়ি রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।”