চলতি বছরের হজ কার্যক্রম শুরুর পর প্রথম পাঁচ দিনে বাংলাদেশ থেকে ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মোট ৬৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে হজ বুলেটিনে জানানো হয়েছে।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ মোট ৬৬০টি বেসরকারি সংস্থা দায়িত্ব পালন করছে।
এয়ারলাইনভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৭৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ অফিস জানিয়েছে, অবশিষ্ট হজযাত্রীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন। চলতি বছর ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।