Skip to main content

Ridge Bangla

৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল বাংলাদেশের অর্থনীতি

প্রথমবারের মতো বাংলাদেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, এক বছর আগে দেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে অর্থনীতির পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকবে বলে পূর্বাভাস দিলেও প্রাথমিক হিসাবে সেই পূর্বাভাস ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৫৯ শতাংশ।

তবে শিল্প খাতের প্রবৃদ্ধি কিছুটা কমেছে। এ খাতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৭১ শতাংশ।

This post was viewed: 33

আরো পড়ুন