Ridge Bangla

৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু, সংসদে জানালেন ত্রাণমন্ত্রী

গত ৪ দিনে দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি জানান, মুষলধারে বৃষ্টি ও সৃষ্ট নিম্নচাপের কারণে বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ জন, কক্সবাজারে ১৯ জন, রাঙ্গামাটিতে ১ জন এবং বান্দরবানে ৫ জন প্রাণ হারিয়েছেন।

মন্ত্রী বলেন, দুর্গত মানুষের জন্য ইতোমধ্যে বিভিন্ন জেলায় আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৪১১টি, কক্সবাজারে ৬৪০টি, রাঙ্গামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ১৩৫টি এবং বান্দরবানে ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

তিনি জানান, এসব আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামে ৮ হাজার ৩৪০ জন, কক্সবাজারে ১২ হাজার ৬ জন, খাগড়াছড়িতে ১ হাজার ৭৫৫ জন এবং বান্দরবানে ২ হাজার ১৭৩ জন আশ্রয় নিয়েছেন।

আসাদুল হাবিব দুলু আরও জানান, গত ৭ জুলাই দুর্গত এলাকার সহায়তায় প্রতিটি জেলায় ১০ লাখ টাকা করে নগদ অর্থ এবং ২০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন করে চট্টগ্রামের জন্য ২৫ লাখ টাকা, কক্সবাজারের জন্য ২০ লাখ টাকা এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ১০ লাখ টাকা করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

ত্রাণমন্ত্রী জানান, খাদ্য সহায়তা হিসেবে চট্টগ্রামের জন্য ৩০০ মেট্রিক টন, কক্সবাজারের জন্য ২৫০ মেট্রিক টন এবং খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ২০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও সংসদে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

This post was viewed: 1

আরো পড়ুন