Ridge Bangla

৪ কোটি লিটার ভোজ্যতেল ও সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

চার কোটি লিটার ভোজ্যতেল এবং ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকার ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনবে। এতে মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ২ লিটারের পিইটি বোতলে সরবরাহ করা এই তেল কেনা হবে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে। এতে ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৮৩ টাকা ৯৫ পয়সা।

এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে কেনা এই তেলে ব্যয় হবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

একই বৈঠকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে প্রায় ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা।

এর মধ্যে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে। এতে ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম পড়বে ৮১ টাকা ৪৭ পয়সা।

এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনা হবে অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে। এতে ব্যয় হবে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৭৪ টাকা ৮৬ পয়সা।

This post was viewed: 2

আরো পড়ুন