আসন্ন ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১৮ জুলাই)। এই পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। তাদের সঙ্গে থাকতে হবে প্রবেশপত্র এবং কালো কালির বলপেন। সাড়ে ৯টায় কেন্দ্রের মূল গেট বন্ধ করে দেওয়া হবে—এরপর কেউ হলে প্রবেশ করতে পারবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ নিষিদ্ধ সামগ্রী নিয়ে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএসসি আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রের নাম দেখে যথাযথ কেন্দ্রে উপস্থিত হতে হবে, যাতে কোনো বিভ্রান্তি না ঘটে।
প্রসঙ্গত, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।