Skip to main content

Ridge Bangla

৩ ঘণ্টায় বিকাশ হিসাবে প্রায় ১ কোটি টাকার লেনদেন, অনলাইন জুয়ার অভিযোগে ২ জন গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বিকাশ হিসাবে মাত্র ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকা লেনদেনের অভিযোগে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে প্রদীপ হালদার (৩০) এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে সমীর চন্দ্র খরাতী (৪০)।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় একটি বিকাশ অফিসে অভিযান চালায় পুলিশ। সেখানে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সমীর চন্দ্র খরাতীকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, ২টি ল্যাপটপ এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তদন্তে একটি বিকাশ হিসাবে মাত্র ৩ ঘণ্টায় ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অর্থ অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট।

এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপপরিদর্শক আবুল হাসান সিকদার বাদী হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার পরিদর্শক, তদন্ত, শেখ হেলাল উদ্দিন বলেন, গ্রেপ্তার ২ জনকে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং অনলাইন জুয়ার নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

This post was viewed: 4

আরো পড়ুন