Ridge Bangla

৩৮ বছর পর জন্মভিটায় ফিরলেন নিখোঁজ জবেদ আলী, আবেগঘন মিলনে কাঁদল পরিবার

দীর্ঘ ৩৮ বছর নিখোঁজ থাকার পর নিজ বাড়িতে ফিরেছেন মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা জবেদ আলী (৬৬)। তার আকস্মিক ফিরে আসায় পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ ও আবেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জবেদ আলী গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বামন্দী ক্যাম্পপাড়া গ্রামের মৃত তোফাজ্জল মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি ছেড়ে চলে যান। সে সময় তার ছেলে জাহাঙ্গীর আলমের বয়স ছিল মাত্র চার বছর।

স্বজনদের ভাষ্য, স্ত্রী রুশিয়া খাতুন ও ছোট ছেলেকে রেখে চলে যাওয়ার পর বিভিন্ন এলাকায় তার খোঁজ করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বছরের পর বছর অপেক্ষার পর একসময় পরিবারের সদস্যরা ধরে নেন, তিনি আর বেঁচে নেই।

কিন্তু সোমবার হঠাৎ করেই নিজ গ্রাম বামন্দীতে ফিরে আসেন জবেদ আলী। তাকে প্রথম দেখে বিস্মিত হয়ে পড়েন তার স্ত্রী রুশিয়া খাতুন। পরে খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। আবেগঘন এ পুনর্মিলনের দৃশ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

জবেদ আলীর ফিরে আসার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও মানুষ তাকে দেখতে তার বাড়িতে ভিড় করেন।

জবেদ আলীর স্ত্রী রুশিয়া খাতুন বলেন, “আজ থেকে প্রায় ৪০ বছর আগে চার বছর বয়সী ছেলে জাহাঙ্গীর ও আমাকে বাড়িতে রেখে তিনি পরিবারের সদস্যদের ওপর অভিমান করে চলে যান। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কত কবিরাজের কাছে গেছি, কত মান্নত করেছি। তারপরও তার কোনো খোঁজ মেলেনি। আজ হঠাৎ আমার সোনার ধন আমার বুকে ফিরে এসেছে। আল্লাহ আমার কথা শুনেছেন। আমার ছেলে জাহাঙ্গীর এখন বিদেশে থাকে। সে তার বাবার ফিরে আসার খবর শুনে দেশে আসতে চাইছে। এই দীর্ঘ সময়ে এত আনন্দ কখনও পাইনি।”

This post was viewed: 6

আরো পড়ুন