দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইছে। বাধা কাটিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকরী মুদ্রা ব্যবস্থাপনার ফলে রিজার্ভের পরিমাণ এখন ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনশেষে আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে একই সময়ে দেশের মোট রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ০৩৮ মিলিয়ন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, রিজার্ভ বাড়ার পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে ক্রমবর্ধমান রেমিট্যান্স প্রবাহ। এছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ স্বাভাবিক থাকা এবং আমদানির বিপরীতে বৈদেশিক মুদ্রার আয়ের ভারসাম্য বজায় থাকাও এই ইতিবাচক পরিবর্তনের বড় কারণ।
বিশেষ করে চলতি এপ্রিল মাসেও প্রবাসীদের পাঠানো আয়ের ক্ষেত্রে দারুণ গতি লক্ষ্য করা গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৮৮ মিলিয়ন মার্কিন ডলার।