ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফলাফলের ধারাবাহিকতায় দলটির চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের নেতৃত্বে আসতে পারেন বলে দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা সাপেক্ষে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। তা হলে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পাবে। সর্বশেষ ১৯৮৯ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ সময় দেশ নারী নেতৃত্বে পরিচালিত হয়েছে। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা কয়েক মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন।
তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা ছাড়া বেসরকারি ফলাফলকে আনুষ্ঠানিক হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। কমিশন ফলাফল গেজেট আকারে প্রকাশের পরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।