Ridge Bangla

৩৫ বছরে মারা গেলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী ঋষভ ট্যান্ডন

বলিউড এখনও অভিনেতা আসরানির মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নেমে এলো শোকের ছায়া। মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতীয় সংগীতশিল্পী ঋষভ ট্যান্ডন। মঙ্গলবার রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীপাবলির ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ শহর দিল্লিতে গিয়েছিলেন গায়ক, সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

হিন্দি ও পাঞ্জাবি সঙ্গীতজগতে ঋষভ ট্যান্ডন ছিলেন এক পরিচিত নাম। তার গাওয়া জনপ্রিয় গান ‘ফকির’ তাকে এনে দিয়েছিল বিশেষ খ্যাতি, যার পর থেকেই ভক্তরা তাকে ডাকতেন ‘ফকির গায়ক’ নামে। এছাড়া তার কণ্ঠে ‘রাশনা: দ্য রে অফ লাইট’, ‘ফকির – লিভিং লিমিটলেস’ এবং সর্বশেষ ‘ইশক ফকিরানা – মেরি ইশক কি কাহানি’ গানগুলো শ্রোতাদের মন জয় করেছিল। শেষ গানটি প্রকাশিত হয় চলতি বছরের ভালোবাসা দিবসে।

ঋষভের এক ঘনিষ্ঠ বন্ধু তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংগীতজীবনের পাশাপাশি তিনি ছিলেন এক নিবেদিত পশুপ্রেমী ও ভক্ত মহাদেবের। তার লেখা ও গাওয়া গানগুলোয় ছিল আধ্যাত্মিকতা ও জীবনের দর্শনের ছোঁয়া, যা শ্রোতাদের মনে গভীর দাগ ফেলেছিল। সোশ্যাল মিডিয়াতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়।

তার একাধিক নতুন গান রেকর্ড করা হলেও এখনো প্রকাশিত হয়নি। এই গায়কের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সংগীত অঙ্গন ও অসংখ্য ভক্তের মনে।

This post was viewed: 55

আরো পড়ুন