আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে চার জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের সাক্ষাৎকার-পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে যদি আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করতে পারি, তাহলে আমরা ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে পারব।
সারজিস আলম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। যাদের নির্দেশে ’২৪-এর অভ্যুত্থান, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও অসংখ্য গুম-খুন ঘটেছে, তারা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারে না।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য হলে জনগণের স্বার্থে এলায়েন্স হতে পারে, বলেন সারজিস আলম।
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ইসি আমাদের শাপলা প্রতীক না দিয়ে শাপলা কলি দিয়েছে। আমরা তা নিয়েই নির্বাচনে যাচ্ছি। তবে ভবিষ্যতে একই ধরনের স্বেচ্ছাচারী আচরণ করলে তাদের প্রতি আস্থা হারাবে জনগণ।