ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ স্থগিত রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগও নিয়েছে দলটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি বলেন, যেসব আসনে পুনর্গণনার আবেদন করা হয়েছে, সেখানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের ভোটের ব্যবধান খুবই কম। অধিকাংশ ক্ষেত্রে এই ব্যবধান ১০ হাজার ভোটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
দলটির দাবি, ভোট গণনার সময় এসব আসনে তারা এগিয়ে থাকার তথ্য পাচ্ছিলেন। তবে চূড়ান্ত ফলাফলে তা প্রতিফলিত হয়নি। ফলে পুনরায় ভোট গণনা করা হলে ফলাফল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে তারা।
ব্রিফিংয়ে উপস্থিত আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন জেলা ও উপজেলায় তাদের এজেন্ট, সমর্থক ও নারী কর্মীরা হামলার শিকার হচ্ছেন। কিছু স্থানে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
এছাড়া ঢাকার কয়েকটি আসনে ফলাফল ঘোষণায় বিলম্ব এবং কিছু আসনে অস্বাভাবিক দ্রুত ফলাফল প্রকাশ নিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও তোলেন তিনি। পুনর্গণনার দাবিতে সংশ্লিষ্ট আসনগুলোতে আইনি প্রক্রিয়া শুরু করার কথাও জানিয়েছেন দলটির নেতারা।