হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লাগা এ আগুন রবিবার বিকেল ৫টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বেবিচকের সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুনে বিপুল পরিমাণ আমদানি পণ্য পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় আকাশ যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়।
ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, কার্গো ভিলেজে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বড় ঘাটতি ছিল। আগুন শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, সেখানে উচ্চমাত্রার দাহ্য পদার্থ ও সংকীর্ণ পরিবেশ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।
ঘটনার তদন্তে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। নাশকতা হোক বা দুর্ঘটনা—সব বিষয়েই তদন্ত হবে।”