Ridge Bangla

২৪ ঘণ্টা না পেরোতেই ফের বন্ধ হরমুজ প্রণালী

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ২৪ ঘণ্টা না পেরোতেই ফের বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী। ইরান ঘোষণা দিয়েছে, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি আবারও কঠোর সামরিক নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কড়াকড়ি বজায় থাকবে।

আজ শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘পূর্বের অবস্থায়’ ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে প্রণালিটি সম্পূর্ণভাবে সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নজরদারির আওতায় থাকবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করা হয়। একই সঙ্গে বলা হয়, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করবে, ততদিন এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ, ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ঘোষণা দেন, প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’। তবে সে সময় ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়া হবে।

This post was viewed: 2

আরো পড়ুন