দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৫২ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৮৫ হাজার ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১০ হাজার ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে এ পর্যন্ত ৭০ হাজার ৫৭৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।