Ridge Bangla

২৩ জুন ঘিরে ঢাকায় বিশেষ নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো নগরজুড়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, বিশেষ এই দিনকে কেন্দ্র করে রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও নিরাপত্তা নজরদারি বাড়ানো হবে।

পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো। গোয়েন্দা শাখা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এ ছাড়া সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের সদস্যরা গোয়েন্দা কার্যক্রম চালাবে।

ডিএমপি সূত্র আরও জানায়, জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রাজধানীর বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হবে। পাশাপাশি ঢাকার ৪টি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য রিজার্ভ হিসেবে থাকবে।

সব মিলিয়ে ডিএমপির ১৮ হাজারের বেশি কর্মকর্তা ও পুলিশ সদস্য মাঠে থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এদিকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে চলতি জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসব অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের এই অভিযানের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন