Skip to main content

Ridge Bangla

২২ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল

প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সকালেই সম্পন্ন হয়েছে। এর পরপরই সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল শুরু করা হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের অন্তত পাঁচটি জেলার রেল যোগাযোগ আবার সচল হয়েছে।

রেলওয়ের মহাপরিচালক বলেন, “উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর আমরা দ্রুত লাইনের উপযোগিতা নিশ্চিত করি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।”

এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে বগুড়ার সান্তাহার এলাকার বাগবাড়ী দক্ষিণপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় শতাধিক যাত্রী আহত হন এবং দীর্ঘ সময় বন্ধ থাকে রেল যোগাযোগ।

দুর্ঘটনার পর উদ্ধার কাজে অংশ নেয় রেলওয়ে, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। পরে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এনে বগিগুলো সরিয়ে লাইন মেরামত করা হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ট্রেনটির চালক এখনও পলাতক রয়েছেন।

This post was viewed: 30

আরো পড়ুন