Ridge Bangla

২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্য বিএনসিসির

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়েদ আল মাসুদ এ তথ্য জানান।

‘বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর’ শীর্ষক উপস্থাপনায় তিনি সংস্থাটির বর্তমান কাঠামো, যুব দক্ষতা উন্নয়ন পরিকল্পনা, বাজেট, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি জানান, বিএনসিসিতে যোগদানের বয়সসীমা ১৭ থেকে ১৮ বছর এবং বর্তমানে ৫৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান এই কার্যক্রমের আওতাভুক্ত। ভবিষ্যতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনসিসি শাখা স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যাতে তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতায় আরও সমৃদ্ধ করা যায়।

সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনসিসির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বিএনসিসি আত্মসম্মান ও শৃঙ্খলার প্রতীক। প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং এমন ব্যবস্থা রাখতে হবে যাতে প্রশিক্ষণ শেষে ক্যাডেটরা সার্টিফিকেট পেয়ে কর্মসংস্থানে সুবিধা পান।”

তিনি আরও বলেন, “ভালো প্রশিক্ষক তৈরি ও ভবিষ্যতপন্থি দৃষ্টিভঙ্গি গ্রহণ অপরিহার্য। পাশাপাশি ক্যাডেটদের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা দরকার, যাতে তারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্র নির্মাণে বড় ভূমিকা রাখতে পারেন।”

সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

This post was viewed: 32

আরো পড়ুন