বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর জার্মানির জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। শুক্রবার (২৪ জুলাই) জার্মান ফুটবল ফেডারেশন এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
ফেডারেশনের ঘোষণা অনুযায়ী, ৫৯ বছর বয়সী ক্লপ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপেও জার্মানির ডাগআউটে থাকবেন তিনি।
নতুন দায়িত্ব নিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে। বিরতির পর আমি এখন নতুন করে শক্তি অর্জিত ও অনুপ্রাণিত বোধ করছি।’
ক্লাব ফুটবলে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের পর এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লপ। লিভারপুলে যোগ দেওয়ার আগে তিনি জার্মান ক্লাব মাইনৎস ও বরুসিয়া ডর্টমুন্ডের প্রধান কোচ ছিলেন।
তার অধীনেই ২০১৯-২০ মৌসুমে লিভারপুল ইতিহাসের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জেতে। এর আগের মৌসুমে তিনি ক্লাবটিকে ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেন। এছাড়া তার কোচিংয়ে ২০২২ সালে এফএ কাপ এবং দুইবার লিগ কাপ জেতে লিভারপুল।
২০২৩-২৪ মৌসুম শেষে লিভারপুল ছাড়ার পর কোনো দলের কোচ হিসেবে দায়িত্ব নেননি ক্লপ। পরে ২০২৪ সালের অক্টোবরে তিনি রেড বুলের বৈশ্বিক ফুটবলপ্রধান হিসেবে নিয়োগ পান এবং পরের বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন।
লিভারপুল ছাড়ার পর থেকেই বিভিন্ন ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়ায়। গত মার্চে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন নাকচ করে দিয়ে তিনি বলেছিলেন, ‘কোচ হিসেবে আমার কাজ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।’
জার্মানির নতুন কোচিং দলে ক্লপের দীর্ঘদিনের সহযোগী পেপ লেইন্ডার্স সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন। নতুন কোচিং প্যানেলের অধীনে আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়ে জার্মানির নতুন অধ্যায় শুরু হবে।