Ridge Bangla

২০২৭ সালের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা

২০২৭ সালের হজ পালনের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের উদ্দেশে সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন।

ধর্মমন্ত্রী জানান, হজ এজেন্সির মাধ্যমে যাওয়া যাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ চালু করা হয়েছে। এই প্যাকেজে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি কক্ষে সর্বোচ্চ ৬ জন হজযাত্রীর থাকার ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫ এলাকায় তাঁবু বরাদ্দ থাকবে এবং মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ শ্রেণির সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। এছাড়া হোটেল যদি হারাম শরীফ থেকে ২ কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি আরব সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। এ প্যাকেজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরও জানান, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে ২০২৭ সালের সরকারি ব্যবস্থাপনার জন্যও দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ রাখা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

This post was viewed: 3

আরো পড়ুন