আগামী ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, করোনাসহ বিভিন্ন কারণে শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পাঠদান কার্যক্রমকে সুশৃঙ্খল করতে বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী বছরগুলোতে সেশনজট পুরোপুরি নিরসনের লক্ষ্য নিয়ে শিক্ষা কার্যক্রম নিয়মিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরীক্ষাগুলো যাতে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়, সে বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, কোনো শিক্ষার্থীর জীবন যেন অতিরিক্ত সময় নষ্ট না হয়, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা সমন্বিতভাবে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়েও ভর্তি ও একাডেমিক কার্যক্রম নিয়মিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।