দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে তার উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করা এবং কার্যক্রমে গতি আনার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন।
শাহাদাৎ স্বাধীন আরও জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।