Skip to main content

Ridge Bangla

২০২৬ বিপিএলে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সাধারণত বিপিএলের উদ্বোধন হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। মোটা অঙ্কের টাকা খরচ করে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন করা হয়ে থাকে। সে দিক থেকে ব্যতিক্রম ২০২৬ সালের এবারের বিপিএল। দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টের এই পর্বের আগে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিপিএল শুরুর একদিন আগে ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। ওই উপলক্ষে ঢাকায় সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। বাড়তি জনসমাগম ও আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার ঝুঁকিতে এমন সিদ্ধান্ত নেয় বিসিবি।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের সব খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত সবার নিরাপত্তা নিশ্চিত করাটাই গুরুত্বপূর্ণ। জনসমাগম বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল বড় জনসমাগম সংশ্লিষ্ট কোনো প্রি-ইভেন্ট অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান বলেন, ‘নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত আমরা। বাস্তব পরিস্থিতি আমাদের সবাইকে বুঝতে হবে। তাই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে বিপিএল শুরু নিয়ে কোনো সংশয় নেই।’

বিসিবির পক্ষ থেকে এটাও বলা হয়, সমাপনী অনুষ্ঠানটি জমকালোভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

This post was viewed: 58

আরো পড়ুন