Ridge Bangla

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল জাপান

২০১১ সালের ভয়াবহ তোহুকু ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর বিরল এক ভূত্বকীয় পরিবর্তনের মুখে পড়ে জাপান। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ৯ মাত্রার ওই ভূমিকম্পের পর শক্তিশালী ভূকম্পন তরঙ্গের প্রভাবে প্রায় পুরো দেশ পূর্ব দিকে ৫ মিলিমিটার সরে যায়।

গবেষকদের মতে, ভূমিকম্প থেকে তৈরি হওয়া শক্তিশালী তরঙ্গ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৮০০ কিলোমিটার গভীরে পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যায়। এরপর সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার পৃষ্ঠের দিকে ফিরে আসে। সেই ফিরে আসা তরঙ্গের প্রভাবেই জাপানের এই স্থানচ্যুতি ঘটে।

নিও সায়েন্টিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তোহুকু ভূমিকম্পের সবচেয়ে দৃশ্যমান প্রভাব ছিল কয়েক মিটার ভূমি সরে যাওয়া এবং ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের ৩টি চুল্লি ক্ষতিগ্রস্ত করা ৪০ মিটার উচ্চতার সুনামি।

এর তুলনায় ৫ মিলিমিটারের পরিবর্তন খুব সামান্য মনে হলেও বিজ্ঞানীদের কাছে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ প্রায় ৩ হাজার কিলোমিটার এলাকাজুড়ে এই পরিবর্তন দেখা যায়, যা ভূমিকম্পের মূল ফাটল রেখার চেয়ে প্রায় ৭ গুণ বড় এবং রেকর্ড হওয়া যেকোনো ভূত্বকীয় বিচ্যুতির চেয়ে দীর্ঘ।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক সুনইয়ং পার্ক বলেন, ‘আমরা প্রায় পুরো জাপানে একই সময়ে ও একই মাত্রায় এই পাঁচ মিলিমিটারের পূর্বমুখী স্থানান্তর লক্ষ করেছি। অথচ ঠিক ওই মুহূর্তে কাছাকাছি কোনো সাধারণ ভূমিকম্প ছিল না।’

গবেষকদের বিশ্লেষণে দেখা যায়, এই স্থানচ্যুতি শুধু উত্তর থেকে দক্ষিণে সীমাবদ্ধ ছিল না; বরং জাপানের পুরো প্রস্থ অতিক্রম করে সাগরতল পর্যন্ত বিস্তৃত হয়েছিল। জাপানের জিপিএস স্টেশনগুলোর তথ্য বিশ্লেষণ করে পার্ক ও তার দল পুরো মূল ভূখণ্ডজুড়ে এই পরিবর্তনের প্রমাণ পান।

সাধারণত ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর গভীরে প্রবেশ করে কেন্দ্র থেকে ফিরে আসার সময় অনেক দুর্বল হয়ে যায়। তবে তোহুকু ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, ফিরে আসা তরঙ্গ দুর্বল হওয়ার পরও পুরো জাপানকে একসঙ্গে প্রভাবিত করার মতো শক্তি ধরে রাখে।

এর ফলে জাপানের নিচে থাকা সংযুক্ত ৪টি টেকটোনিক প্লেট একসঙ্গে নড়ে ওঠে। গবেষকদের ধারণা, মূল ভূমিকম্পের প্রবল কম্পনে প্লেটগুলোর সীমানা আগে থেকেই দুর্বল হয়ে পড়েছিল। ফলে গভীর থেকে ফিরে আসা তরঙ্গ বড় এলাকাজুড়ে পরিবর্তন ঘটাতে সক্ষম হয়।

বিজ্ঞানীরা বলছেন, এই ঘটনা ভূমিকম্পের পরবর্তী প্রভাব সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। গবেষক পার্কের মতে, বড় ভূমিকম্পের পর পৃথিবীর গভীর থেকে ফিরে আসা এমন তরঙ্গ দূরের এলাকাতেও নতুন ভূমিকম্পের ঝুঁকি তৈরি করতে পারে।

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টারবেরির গবেষক রবিন লি বলেন, এই ঘটনা দেখিয়েছে যে বড় ভূমিকম্প কয়েক মিনিট পরও বিস্তৃত এলাকায় বিলম্বিত ভূত্বকীয় পরিবর্তন ঘটাতে পারে।

বিশ্বের অন্যান্য অঞ্চলের একই ধরনের ফাটল রেখায় এর প্রভাব কী হতে পারে, তা জানতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন তিনি।

This post was viewed: 1

আরো পড়ুন