সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গাজী (৪৫) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৬ এর সিপিসি-১ সাতক্ষীরা কোম্পানির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, কালীগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকার মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে রেজাউল গাজী সাতক্ষীরার তালিকাভুক্ত শীর্ষ ডাকাতদের একজন। রেজাউল একাধিক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে তারা।
র্যাবের প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, সাতক্ষীরার বিভিন্ন থানার পাশাপাশি খুলনা ও যশোর জেলাতেও তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক-সংশ্লিষ্ট অপরাধ ও হত্যা চেষ্টাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, রূপার অলংকার, পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ মালদ্বীপের রুপি এবং ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব সামগ্রী জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাতক্ষীরা কোম্পানির কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো প্রকার অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।