Ridge Bangla

১৬ মাসে বিচারবহির্ভূত ভাবে ৪৫ জনকে হত্যা, অন্তর্বর্তী সরকারকে নিয়ে অধিকারের প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শাসনামলে গত ১৬ মাসে দেশে অন্তত ৪৫টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এমন তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। সংস্থাটির তথ্যমতে, এর মধ্যে সর্বশেষ এক বছরেই প্রাণ হারিয়েছেন ৩৩ জন।

অধিকার জানিয়েছে, মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে গত বছরের সেপ্টেম্বরে, যেখানে মোট নয়টি মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।

সংস্থাটি ২০২৫ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন গত বুধবার (৪ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এতে ২০২৪ সালের ৯ আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের সময়কালের বিভিন্ন মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদনের হিসাবে, ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে ১২ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত এক বছরে দেশের বিভিন্ন কারাগারে ১০২ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নির্যাতনের ফলে মারা গেছেন বলে অভিযোগ করা হয়েছে, আর বাকিরা অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। কারাগারে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের নভেম্বরে। ওই মাসে ১৪ জনের মৃত্যু হয়। এই একই সময়ে বিভিন্ন আদালতে মোট ২২৩ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

অধিকারের তথ্যমতে, বিচারবহির্ভূত হত্যার ঘটনায় বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে ১০ জন পুলিশের হাতে, একজন করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হাতে, একজন র্যাবের হাতে, চারজন গোয়েন্দা পুলিশের (ডিবি), একজন বিজিবি, দুজন কোস্টগার্ড এবং ১৩ জন যৌথ বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন। হত্যার পদ্ধতির মধ্যে নির্যাতন, গুলিবর্ষণ ও পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখযোগ্য।

মানবাধিকার প্রতিবেদনে গণপিটুনির ঘটনাকেও গুরুতর উদ্বেগ হিসেবে তুলে ধরা হয়েছে। সংস্থাটির মতে, গত এক বছরে চোর সন্দেহে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। এতে মানসিক প্রতিবন্ধী ও কিশোররাও সহিংসতার শিকার হয়েছেন। সারাদেশে এ ধরনের ঘটনায় গত এক বছরে ১২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিকার।

This post was viewed: 15

আরো পড়ুন