১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা, মন্তব্য লেখা কিংবা অন্যের পোস্টে প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ভিয়েতনাম। এ লক্ষ্যে একটি খসড়া ডিক্রি প্রস্তুত করেছে দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা ওই খসড়া অনুযায়ী, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপে এটি ভিয়েতনামের অন্যতম বড় উদ্যোগ হতে পারে।
প্রস্তাবিত বিধিমালায় বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট অবশ্যই তাদের বাবা-মা বা আইনগত অভিভাবকের তথ্য ব্যবহার করে নিবন্ধন করতে হবে। পাশাপাশি শিশু কী ধরনের কনটেন্ট দেখছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কত সময় ব্যয় করছে, তা পর্যবেক্ষণের দায়িত্বও অভিভাবকের ওপর থাকবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে শিশু ব্যবহারকারীদের শনাক্ত করতে হবে এবং তাদের বয়স উপযোগী কনটেন্ট প্রদর্শন নিশ্চিত করতে হবে।
২৩ জুলাই নতুন বিধিমালা নিয়ে আয়োজিত এক বৈঠকে ভিয়েতনামের উপ-সংস্কৃতিমন্ত্রী ফান তাম বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা বা অযথা সীমিত করা নয়। বরং তারা যেন বয়স উপযোগী পরিবেশে এসব সেবা ব্যবহার করতে পারে এবং অনুপযুক্ত ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে, সেটিই নিশ্চিত করা।
খসড়া ডিক্রিতে শিশুদের অ্যাকাউন্টে সর্বোচ্চ মাত্রার গোপনীয়তা সুরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে সহিংসতা, পর্নোগ্রাফি, জুয়া, মাদক, আত্মহত্যা এবং অন্যান্য ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করা এবং প্রয়োজন হলে এসব কনটেন্টে প্রবেশাধিকার বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর কনটেন্টের কারণে তাদের মানসিক স্বাস্থ্যের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এ কারণে বিভিন্ন দেশ শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন আইন ও বিধিনিষেধ প্রণয়ন করছে।
এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই ফ্রান্সের আইনপ্রণেতারা ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে ভোট দেন। এর আগে অস্ট্রেলিয়া শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপকারী প্রথম দেশ হিসেবে এ ধরনের আইন কার্যকর করে। আরও কয়েকটি দেশ একই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি শিশু-কিশোরদের অনলাইন গেম খেলার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধের প্রস্তাব দিয়েছে ভিয়েতনাম। খসড়া ডিক্রি অনুযায়ী, গেম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাবা-মা বা আইনগত অভিভাবকের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
এ ছাড়া একই প্রতিষ্ঠানের পরিচালিত গেমে ১৬ বছরের কম বয়সী শিশুদের প্রতিদিন সর্বোচ্চ ৬০ মিনিট খেলার সুযোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
তবে খসড়া ডিক্রিটি এখনো চূড়ান্ত হয়নি। অনুমোদনের আগে এতে পরিবর্তন আনা হতে পারে।