Ridge Bangla

১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে এগোচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একই সঙ্গে আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের কাছে হস্তান্তরসংক্রান্ত চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২০ জুলাই) দুপুরে সিভিল অ্যাভিয়েশন ও এয়ার ট্রাফিক অপারেশনবিষয়ক এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানানো হয়। পাশাপাশি জানানো হয়, এ বছরই শাহজালাল বিমানবন্দরের জন্য এন্টি ড্রোন ব্যবস্থা কেনা হবে, যাতে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা যায়।

বেবিচক আরও জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা চালু হওয়ায় দেশের সমুদ্রসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ বাবদ প্রতিবছর প্রায় ৮ শতাংশ বেশি রাজস্ব আদায় সম্ভব হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

This post was viewed: 3

আরো পড়ুন