সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি।
শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ এই পুরস্কার চালু করেছে। দেশের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর গুণী ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হবে।
এবারের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি, বিসিবি সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।