টানা ১৪ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে এন্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত আছেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন।
২০২৪ সালের ১৯ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একই বিধিমালার ১২(১) উপবিধি অনুসারে তাকে ওই তারিখ থেকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।