Ridge Bangla

১২ মার্চ বসতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে আহ্বান করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাতে তিনি জানান, নতুন সংসদের উদ্বোধনী এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশসমূহ এবং শোক প্রস্তাবও এ অধিবেশনে উপস্থাপন করা হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়, যা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে সম্পন্ন হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। সে হিসেবে আগামী ১৪ মার্চের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন বসা বাধ্যতামূলক। ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।

নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন, যা পূর্বেই মন্ত্রিসভায় অনুমোদিত হয়ে থাকে। অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সংসদীয় দলের নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

This post was viewed: 10

আরো পড়ুন