Ridge Bangla

১২৬ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। বহুল আলোচিত এই মামলায় এ নিয়ে ১২৬তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো। আদালত আগামী ১৮ জুন নতুন দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন জমা দিতে পারেননি। এ কারণে ঢাকা মহানগর আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে তা ডিবি এবং পরবর্তীতে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্তেও রহস্য উদঘাটন না হওয়ায় গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটি তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়।

মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন কারাগারে থাকলেও একজন জামিনে এবং আরেকজন পলাতক রয়েছেন।

This post was viewed: 4

আরো পড়ুন