চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ টেলিভিশন করসহ ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে। একই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন এই সম্প্রচারমাধ্যমের ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
সোমবার জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখা থেকে রাজস্ব এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
এ সময় তিনি ২০২০–২১ অর্থবছর থেকে ২০২৪–২৫ অর্থবছর পর্যন্ত বিটিভির আয় ও ব্যয়ের হিসাবও তুলে ধরেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা এবং ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১–২২ অর্থবছরে আয় দাঁড়ায় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
২০২২–২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা এবং ব্যয় হয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩–২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, আর ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
এ ছাড়া ২০২৪–২৫ অর্থবছরে বিটিভির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
এদিকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের আরেক লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টিভি চ্যানেল, ১ হাজার ৪৩৬টি পত্রিকা এবং ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল রয়েছে ৪টি। আর অনাপত্তি পাওয়া বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে।
জহির উদ্দিন স্বপন আরও জানান, দেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ৫৯৩টি এবং অন্যান্য জেলা থেকে ৮৪৩টি।
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে রয়েছে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি এবং অনলাইন নিউজ পোর্টাল আঞ্চলিক ক্যাটাগরিতে ৬১টি।