Ridge Bangla

১১৬টি অনলাইন জুয়ার সাইট বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

দেশে অবৈধ অনলাইন জুয়ার বিস্তার রোধে ১১৬টি ওয়েবসাইট ও অ্যাপ বন্ধের উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব সাইট শনাক্ত করে বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তালিকা পাঠানো হয়েছে।

রোববার রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, চলতি মাসের শুরু থেকে সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি সাইট শনাক্ত করেছে।

একই সঙ্গে এ চক্রের অর্থ লেনদেনে ব্যবহৃত ৮৭৯টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট এবং ৪৩টি ব্যাংক হিসাবের তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়েছে।

সিআইডির দাবি, গ্রেপ্তার হওয়া আটজন আন্তর্জাতিক ও দেশীয় জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ ও বিদেশে পাচার করছিল। তারা বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন এমএফএস এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্থ লেনদেন করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি প্রতিদিন প্রায় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেন করত। এর বড় অংশ ডিজিটাল হুন্ডি ও ক্রিপ্টো মাধ্যমে বিদেশে পাচার হতো।

অভিযানে ১৩টি মোবাইল ফোন, ২০টি সিম ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এছাড়া ভুয়া এজেন্ট সিম ব্যবহার করে দেশজুড়ে কার্যক্রম চালানোর তথ্যও পেয়েছে তদন্ত সংস্থা।

This post was viewed: 3

আরো পড়ুন