টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার নামে এক নারী। মঙ্গলবার (১২ মে) সকালে কুমুদিনী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে রয়েছে।
প্রসূতি বিথী আক্তার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও চার নবজাতকই বর্তমানে সুস্থ আছেন।
চিকিৎসকরা জানান, বাচ্চা জন্মদানে সাধারণত ৩৭ সপ্তাহ সময় লাগলেও এখানে ৩৪ সপ্তাহে ওই নারীর সন্তানদের জন্ম হওয়ায় তাদের ওজন তুলনামূলক কম। তাই তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে শিশুদের অক্সিজেনের প্রয়োজন হয়নি।
এদিকে দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের বাবা হয়ে আনন্দ প্রকাশ করেছেন বিথী আক্তারের স্বামী হায়দার আলী। তিনি বলেন, সন্তানদের আগমনে আমার পরিবারের মধ্যে আনন্দের আমেজ বইছে। তাদেরকে সঠিক আদর্শের সঙ্গে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।