Skip to main content

Ridge Bangla

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা। প্রচলিত নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাতের পরই আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিল।

দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে ১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুরোধ করা হয়েছিল। পরবর্তী ধাপে কমিশন রাষ্ট্রপতির দিকনির্দেশনা নিয়েই তফসিল ঘোষণা করবে।

ইসির এক সদস্য জানান, ১০ ডিসেম্বরের বৈঠকের পর দু-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে। ইতোমধ্যে ইসি জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

এছাড়া ৭ ডিসেম্বর কমিশনের সভা অনুষ্ঠিত হবে, যেখানে তফসিলের সময়সূচি চূড়ান্ত করা হবে। পরে তা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তার মতে, রোববারের বৈঠকের পর সপ্তাহের যেকোনো দিনই তফসিল ঘোষণা হতে পারে।

This post was viewed: 48

আরো পড়ুন