ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাত্র ১০ টাকা নিয়ে শিশুদের বিরোধের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আপন ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আয়েশা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় মাত্র ১০ টাকা নিয়ে দুই শিশুর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিশুদের এই ঝগড়া বড়দের মধ্যেও ছড়িয়ে পড়ে।
তর্কবিতর্কের এক পর্যায়ে তারা মিয়ার ভাই লাল মিয়ার ছেলে তৌহিদ হোসেন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে তার আপন চাচি আয়েশা খাতুনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তৌহিদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই নারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক তৌহিদ হোসেনকে আটক করতে সক্ষম হয়েছে।