বলিউড অভিনেতা জন আব্রাহাম মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার সেন্ট মার্টিন রোডে একটি বিলাসবহুল ফ্রিহোল্ড বাংলো কিনেছেন। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান লাইসেস ফোরাস পর্যালোচিত নথি অনুযায়ী, সম্পত্তিটির নিবন্ধিত মূল্য ৮৪ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১০৭ কোটি টাকার বেশি।
নথিতে উল্লেখ করা হয়েছে, বাংলোটি ১ হাজার ১৭ দশমিক ৬০ বর্গমিটার জমির ওপর নির্মিত। এতে প্রায় ১৯৩ দশমিক ১২ বর্গমিটার আয়তনের একটি মূল ভবনের পাশাপাশি প্রায় ৩১ দশমিক ৫০ বর্গমিটারের একটি আউটহাউসও রয়েছে।
বান্দ্রা মুম্বাইয়ের অন্যতম অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত। চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের অনেক তারকার বসবাস এ এলাকায়।
ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখলেও সিনেমার পাশাপাশি জন আব্রাহামের ব্যবসায়িক বিনিয়োগ নিয়ে প্রায়ই আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে বলিউডের অনেক তারকাই জমি ও বাড়িতে বড় অঙ্কের বিনিয়োগ করছেন। কেউ এসব সম্পত্তি পরে বিক্রি করছেন, আবার কেউ সরাসরি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন। জন আব্রাহামও সেই তালিকার একজন।
অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ‘দ্য ডিপ্লোম্যাট’ এবং অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘তেহরান’-এ অভিনয় করেছেন জন। সামনে তার হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন প্রকল্প। এর মধ্যে মুম্বাই পুলিশের সাবেক কমিশনার রাকেশ মারিয়ার জীবন ও কর্মজীবন নিয়ে নির্মিত একটি নামহীন চলচ্চিত্রে রাকেশ মারিয়ার চরিত্রে অভিনয় করবেন তিনি। এছাড়া জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ফোর্স থ্রি’তে এসিপি যশবর্ধন সিং চরিত্রে আবারও দেখা যাবে তাকে।