Ridge Bangla

হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ সুবিধা নিয়ে মেটার কাছে ৩ দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ভারত

হোয়াটসঅ্যাপে নতুন ‘ইউজারনেম’ সুবিধা চালুর পরিকল্পনা নিয়ে মেটার কাছে ব্যাখ্যা তলব করেছে ভারত সরকার। একই সঙ্গে বিষয়টি পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত ভারতে এই সুবিধা চালু না করার নির্দেশও দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আজকের পত্রিকা।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধা নিয়ে গোপনীয়তা ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে মেটাকে ৩ দিনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা দিতে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ফিচারটি কার্যকর করার আগে সরকারের পর্যালোচনা শেষ হওয়ার অপেক্ষা করতে বলা হয়েছে।

মেটার তথ্য অনুযায়ী, ‘ইউজারনেম’ হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের একটি ঐচ্ছিক ও স্বতন্ত্র পরিচয়চিহ্ন, যা ‘@’ দিয়ে শুরু হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের কাছ থেকে বার্তা বা কল গ্রহণ করতে পারবেন। যাদের ফোনে কোনো ব্যক্তির নম্বর সংরক্ষিত থাকবে না, তারা ডিফল্টভাবে ওই ব্যক্তির ইউজারনেম দেখতে পাবেন। গ্রুপ চ্যাট, ব্যক্তিগত বার্তা এবং কল- সব ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে।

প্রতিটি ইউজারনেম আলাদা হবে এবং আগে ব্যবহৃত কোনো নাম পুনরায় নেওয়া যাবে না। তবে কিছু নির্দিষ্ট ইউজারনেম ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং জনপরিচিত ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে মেটা।

এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইন্টারনেট ব্যবহারকারীদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন, এই সুবিধা পরিচয় জালিয়াতির ঝুঁকি বাড়াতে পারে। তাদের মতে, অসাধু ব্যক্তি অন্যের নামের সঙ্গে মিল রেখে ইউজারনেম তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। এমনকি সরকারি কর্মকর্তা বা পরিচিত ব্যক্তিদের পরিচয়ও নকল করার সুযোগ তৈরি হতে পারে।

ভারত সরকার জানিয়েছে, প্রয়োজনে এই সুবিধা সীমিত করা বা বন্ধ করার আইনি উপায়ও খতিয়ে দেখা হবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের নতুন ইউজারনেম ব্যবস্থা দেশটির বিদ্যমান আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও পরীক্ষা করা হবে।

This post was viewed: 2

আরো পড়ুন