Skip to main content

Ridge Bangla

হোয়াইট হাউসের সামরিক ভিডিওতে অনুমতি ছাড়াই গান ব্যবহার, ক্ষুব্ধ কেটি পেরি

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার একটি প্রচারণামূলক ভিডিওতে নিজের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। তার অভিযোগ, গানটি ব্যবহারের আগে তার কোনো অনুমতি নেওয়া হয়নি এবং চলমান যুদ্ধের প্রতি তার কোনো সমর্থন নেই।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের সরকারি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ইরানে মার্কিন সামরিক হামলার বিভিন্ন দৃশ্যের সঙ্গে কেটি পেরির ২০১০ সালের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করা হয়। বিশেষ করে গানটির ‘বুম, বুম, বুম’ অংশের সঙ্গে বিস্ফোরণের দৃশ্য মিলিয়ে সম্পাদনা করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ইরানকে সতর্ক করা হয়েছে।’

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কেটি পেরি বলেন, “হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে সামরিক হামলার ভিডিওতে ‘ফায়ারওয়ার্ক’ গানটি ব্যবহৃত হতে দেখে আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ ব্যবহারের জন্য আমার অনুমতি নেওয়া হয়নি, আমাকে কিছুই জানানো হয়নি এবং আমি এর কোনোভাবেই সমর্থন করি না।”

তিনি আরও বলেন, “আমি এই গান লিখেছিলাম মানুষের জীবনের কঠিন সময়ে আশা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রতীক হিসেবে। সেই বার্তাবাহী গানকে ধ্বংস ও সহিংসতার পটভূমি হিসেবে ব্যবহার করা আমার গানের মূল চেতনার সম্পূর্ণ লঙ্ঘন। আমার গান মানুষকে একত্র করার জন্য, যুদ্ধ উদ্‌যাপনের জন্য নয়।”

প্রতিবেদন অনুযায়ী, ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই ভিডিওটি প্রকাশ করা হয়। একদিকে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক আলোচনার কথা বললেও অন্যদিকে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র, নৌ ও পারমাণবিক স্থাপনা-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।

রাজনৈতিক প্রচারণা বা সরকারি ভিডিওতে অনুমতি ছাড়া গান ব্যবহারের প্রতিবাদে কেটি পেরিই প্রথম শিল্পী নন। গত জুনে গায়িকা আরিয়ানা গ্রান্দেও অভিবাসন অভিযানসংক্রান্ত হোয়াইট হাউসের একটি টিকটক ভিডিওতে তার ‘বাই’ গান ব্যবহারের সমালোচনা করেছিলেন। এর আগে সাবরিনা কার্পেন্টার, অলিভিয়া রদ্রিগো, সেলিন ডিওন, নিল ইয়ং এবং দ্য রোলিং স্টোনসও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বা ভিডিওতে নিজেদের গান ব্যবহারের বিরোধিতা করেছেন।

কেটি পেরির বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার অবস্থানকে সমর্থন করেছেন, আবার কেউ উল্লেখ করেছেন যে তিনি আগেই নিজের সংগীতস্বত্বের একটি বড় অংশ লিটমাস মিউজিকের কাছে বিক্রি করেছেন এবং তার গান টিকটকের সঙ্গে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের লাইসেন্স চুক্তির আওতায় রয়েছে। অন্যদিকে অনেক ভক্তের মত, অনুমতি ছাড়া গান ব্যবহার হয়ে থাকলে তার আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

এদিকে কেটি পেরি তার নতুন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য লাইফটাইম ট্যুর ফ্রম প্যারিস’ মুক্তির ঘোষণাও দিয়েছেন। প্যারিসে অনুষ্ঠিত তার ‘লাইফটাইমস ট্যুর’–এর একটি পরিবেশনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্র শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিভিন্ন দেশে মুক্তির সময়সূচি পরে জানানো হবে।

This post was viewed: 3

আরো পড়ুন